জর্জিয়া-উ. মেসেডোনিয়ার স্বপ্নপূরণ আজ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:১৪ পিএম

ইউরো ২০২০ বাছাইপর্বের প্লে-অফ রাউন্ড শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের প্লে-অফ ফাইনালে মুখোমুখি হবে আট দল। এখান থেকে চার দল টিকিট পাবে ইউরো ২০২০ মূল পর্বে।

হাঙ্গেরি-আইসল্যান্ড : ২০১৬ ইউরোর দুই সারপ্রাইজ প্যাকেজের একটিকে এবার মূলপর্বে না খেলার হতাশায় ডুবতে হবে। দুদল গতবার একই গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে উঠেছিল। এবার একে অপরকে মূল পর্বের আগেই বিদায় করবে। এবার অবশ্য চার বছর আগের পারফরম্যান্স নেই আইসল্যান্ডের। হাঙ্গেরি সাম্প্রতিক ফর্মের হিসেবে এগিয়ে আছে। সম্প্রতি নেশন্স লিগের লড়াইয়ে তুরস্ক, সার্বিয়া ও রাশিয়ার সঙ্গে জিতেছে তারা। এই ফাইনালের জয়ী দল এফ গ্রুপে চ্যাম্পিয়ন পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির বিপক্ষে লড়বে।

উত্তর আয়ারল্যান্ড-সেøাভাকিয়া : প্লে-অফ সেমিফাইনালে পেনাল্টিতে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিপক্ষে জিতেছে সেøাভাকিয়া। কিন্তু আগের ৯ ম্যাচের মাত্র ১ জয়ের ব্যর্থতা মাথায় নিয়ে ওই লড়াইয়ের পর দায়িত্ব ছাড়তে হয় দলটির কোচকে। প্রায় একই অবস্থা উত্তর আয়ারল্যান্ডের। তারাও বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে পেনাল্টি লড়াইয়ে জিতে ফাইনালে উঠেছে কিন্তু গত ১২ মাসে আগের ৭ ম্যাচে একটিও জয় নেই তাদের। এই ফাইনালের জয়ী দল ই গ্রুপে স্পেন, সুইডেন ও পোল্যান্ডের সঙ্গী হবে।

সার্বিয়া-স্কটল্যান্ড : ২৫ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইউরো মূলপর্ব নিশ্চিত করতে চায় স্কটিশরা। ১৯৮০’র পর এই প্রথম টানা ৮ ম্যাচ অজেয় থেকে আজ সার্বিয়ার সঙ্গে নামবে দলটি। তবে সার্বিয়া প্রতিপক্ষের জন্য বিশাল দেয়াল। কারণ সেমিফাইনালে নরওয়ের আর্লিং ব্রট হালান্ডকে আটকে ফাইনালে উঠেছে তারা। এই ফাইনালের জয়ী দল যোগ দেবে ডি গ্রুপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিকের সঙ্গে।

জর্জিয়া-উত্তর মেসেডোনিয়া : নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরো খেলার স্বপ্নে বিভোর দুই দলই। কোনো এক দলের স্বপ্নপূরণ হচ্ছেই। টানা ছয় ম্যাচ অজেয় থেকে নামবে মেসেডোনিয়া। আর জর্জিয়া সাম্প্রতিক সময়ে ডেনমার্ক, আয়ারল্যান্ড ও বেলারুসের মতোর দলের বিপক্ষে গোল হজম না করার আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে। এই ফাইনালের জয়ী দল সি গ্রুপে নেদারল্যান্ডস, ইউক্রেন ও অস্ট্রিয়ার সঙ্গে খেলবে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত