পর্যটকদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেটের কালোবাজার

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০১:০৫ পিএম

লকডাউন শিথিল হতেই পর্যটন স্পটগুলো খুলে গেছে। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে পর্যটন নির্ভর অনেক দেশ পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে পর্যটকদের সঙ্গে থাকতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট।

তবে এই করোনা সার্টিফিকেটকে ঘিরে গড়ে উঠেছে কালোবাজার। যেখানে সহজেই বেচাকেনা হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট।

বৃহস্পতিবার ইউএস টুডে জানায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দি গল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা নেগেটিভ সার্টিফিকেট বিক্রির সময় সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ।

ইউরোপের সবচেয়ে বড় বিমানবন্দরটিতে করোনার জাল সার্টিফিকেট বিক্রি করছিল তারা। প্রসিকিউটর জানায়, প্রতি সার্টিফিকেট তারা ১৮০ থেকে ৩৬০ ডলার করে বিক্রি করছিল।

ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে ভ্রমণ করা এক যাত্রীর কাছে করোনা জাল সার্টিফিকেট পাওয়ার পর অনুসন্ধানে নামে ফরাসি পুলিশ। এরপর এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা দোষী সাব্যস্ত হলে তাদের পাঁচ বছরের জেল হতে পারে সেই সঙ্গে পরিশোধ করতে হবে প্রায় ৫ লাখ ডলারের জরিমানাও।

দক্ষিণ আমেরিকাতেও করোনার জাল সার্টিফিকেট বিক্রি হচ্ছে পর্যটকদের জন্য। গত মাসে ব্রাজিলের এক দ্বীপে চার পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে জাল সার্টিফিকেটসহ। প্রাইভেট প্ল্যানে তার ব্রাজিলের ওই পর্যটন দ্বীপে গিয়েছিলেন।

পাকিস্তানে ভ্রমণ করতে গিয়েও করোনার জাল সার্টিফিকেট ব্যবহার করেছেন এক ব্রিটিশ নাগরিক। এক বন্ধুর করোনা নেগেটিভ সার্টিফিকেটে নিজের নাম ও জন্মতারিখ বসিয়ে এ কাজ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত