স্বেচ্ছায় আত্মগোপনে থেকে বিয়ে করেন তিথি: সিআইডি

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০৪:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথী সরকার ‘স্বেচ্ছায় আত্মগোপনে থেকে বিয়ে করেন’ বলে জানিয়েছে সিআইডি। গুজব ছড়ানোর অভিযোগে সাইবার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানায় সিআইডি।

বৃহস্পতিবার দুপুরে সাইবার পুলিশ সেন্টারের এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথী সরকার তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময় ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, কমেন্ট ও তথ্য শেয়ার করেন। যার ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন ও সমাবেশ করে।

গত ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিথী সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। এর আগে, ২৩ অক্টোবর তিনি তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে জানিয়ে পল্লবী থানায় জিডি করেন।

এরপর গত ২৭ অক্টোবর তিথীর বড় বোন স্মৃতি রাণী সরকার পল্লবী থানায় তিথী সরকার নিখোঁজ উল্লেখ করে জিডি করেন। তিথী ২৫ অক্টোবর সকাল ৯টায় নিখোঁজ হন বলে জিডিতে বলা হয়েছে।

সাইবার পুলিশের একটি বিশেষ দল বুধবার বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে নরসিংদীর মাধবদী থেকে তিথী সরকারকে আটক করে।

ব্রিফিংয়ে বলা হয়, জিজ্ঞাসাবাদে তিথী জানিয়েছেন, তিনি ২৫ অক্টোবর রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তার প্রেমিক শিপলু মল্লিকের সঙ্গে যোগাযোগ করে বাগেরহাটে যান। সেখানে তিনি শিপলুকে বিয়ে করেন এবং বাগেরহাটে অবস্থান করেন। এরপর তিনি ৯ নভেম্বর ঢাকায় আসেন।

সিআইডি জানায়, নরসিংদীতে শিপলুর দূর-সম্পর্কীয় চাচা দেবাশীষ রায়ের বাসায় থাকার সময় সিআইডি সাইবার পুলিশের দল তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে সেখান থেকে বুধবার তাকে আটক করে।

তারা জানায়, এর আগে বুধবার বেলা পৌনে ১২টায় গুলিস্তানের কাপ্তানবাজার ইলেক্ট্রনিকস মার্কেট থেকে শিপলুকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত