রোহিতকে অভিনন্দন জানাতে গিয়ে ভুল করে বসল লা লিগা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১১:৫২ পিএম

টানা দ্বিতীয় ও সবমিলে পঞ্চমবারের মতো আইপিএলে শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে সব খেলোয়াড়রা অভিনন্দনের জোয়ারে ভাসছেন। রোহিত অভিনন্দন পেয়েছেন স্পেনের ফুটবল লিগ লা লিগার পক্ষ থেকেও। কিন্তু তাদের অভিনন্দন বার্তায় থেকে গেছে তথ্যগত ভুল।

২০১৯ সালের ডিসেম্বরে রোহিত শর্মাকে ভারতে তাদের প্রচারের মুখপাত্র হিসেবে তুলে ধরে লা লিগা। রোহিতই তাদের প্রথম প্রচার মুখ, যিনি ফুটবলার নন।

রোহিতের সাফল্যে তাই খুশি লা লিগা। নিজেদের টুইটার হ্যান্ডলে তারা লিখেছে, ‘অভিনন্দন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ষষ্ঠ বার আইপিএল জয়ের জন্য।’

কিন্তু রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ষষ্ঠ বার আইপিএল জেতেননি। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএল জিতলেও সে দলের অধিনায়ক ছিলেন না রোহিত। এরপর ৫ বার মুম্বাই অধিনায়ক হিসেবে আইপিএল জেতেন তিনি।

লা লিগার এই তথ্যগত ভুল চোখে লাগার মতো। যদিও খুশির মাঝে এই ভুল নিয়ে খুব সরগরম হয়নি নেট দুনিয়া।

গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড পঞ্চমবার ট্রফি জয় করে মুম্বাই। ফাইনালে অধিনায়ক রোহিত খেলেছেন দারুণ এক ইনিংস।

অধিনায়ক হিসেবে আইপিএলে রোহিতের দুর্দান্ত সাফল্যে তাকে ভারতীয় দলের অধিনায়ক করার দাবিও উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত