মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালের সঙ্গে প্রথম ম্যাচ দিয়ে করোনা সংক্রমিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার আগে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। অল্পের জন্য এশিয়ায় প্রথম হতে পারেনি বাংলাদেশ। গতকাল এশিয়ার ৬ দেশ মুখোমুখি হয়েছিল তিনটি ফিফা প্রীতি ম্যাচে, লেবানন-বাহরাইন, আরব আমিরাত-তাজিকিস্তান ও জর্ডান-ইরাক। তাই বাফুফের এই আয়োজনে ঝুঁকি যেমন আছে, আছে বাহবা পাওয়ার সুযোগও।
কেবল এই সিরিজ আয়োজন দিয়ে নয়, বাফুফে বাহবা পেতে পারে কাতারের ডাকে বিশ^কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে রাজি হয়েও। বাফুফের সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এটাকে একটা বড় চ্যালেঞ্জ জয় হিসেবেই দেখছেন, ‘শুধু দেশে নয়, দক্ষিণ এশিয়ায় আমরাই প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছি এই করোনাকালে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করছি করোনা মোকাবিলায় আমাদের সক্ষমতা। স্বাস্থ্যবিধি মেনে দুটি দল এবং কর্মকর্তাদের জৈব সুরক্ষা নিশ্চিত করতে পেরেছি। তাছাড়া স্টেডিয়ামেও সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি এর মধ্য দিয়ে অন্য খেলাগুলোও দেশে আন্তর্জাতিক আসর আয়োজনে আগ্রহী হয়ে উঠবে।’
