লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। গতকাল শনিবার বিকেল ৪টায় চেয়ারম্যানের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান উল্লেখ করেন, সীমাহীন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় অধস্তন কর্মকর্তাদের উসকে দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ দিয়েছেন ইউএনও।
চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, ১২ নভেম্বর যে ঘটনার বর্ণনা করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ উল্টো, অসত্য ও মনগড়া। মূলত ইউএনও আমার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে বলেন, উপজেলা কি বাপ-দাদার পৈতৃক সম্পত্তি মনে করেন। পাঁচ বছরের জন্য চেয়ারম্যান হয়ে ভাব দেখান নাকি। আমরা ক্ষেপলে সরকারের চেয়ার থাকে না, আপনি তো দুই পয়সার চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান দাবি করে বলেন, ইউএনওর সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও উৎকোচ বাণিজ্যের প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই তিনি পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
আদিতমারীর ইউএনও মনসুর উদ্দিন বলেন, চেয়ারম্যান নিজের কৃতকর্ম ঢাকতে এসব ‘মিথ্যা ও বানোয়াট’ অভিযোগ করছেন। গতকাল দৈনিক দেশ রূপান্তরে ‘আদিতমারীর ইউএনওকে উপজেলা চেয়ারম্যানের হুমকি : ‘বেশি কথা বললে পিটিয়ে নরসিংদী পাঠিয়ে দেব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
