বিরাট কোহলির ব্যাটিংয়ে কে না মুগ্ধ হন! অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনকেও মুগ্ধ করে কোহলির ব্যাটিং। তাই বলে প্রতিপক্ষ হিসেবে কোহলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পক্ষে হন অজি অধিনায়ক।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, যত ক্রিকেটার দেখেছেন তাদের মধ্যে বিরাট কোহলিই সেরা। কিন্তু টিম পেইন এ ক্ষেত্রে অন্য মেরুতে। তার কাছে কোহলি আর পাঁচজন ক্রিকেটারের মতোই। এর বেশি কিছু নয়।
‘বিরাট কোহলিকে নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে। আমার কাছে কোহলি আর পাঁচজনের মতোই। ওর সঙ্গে আমার সেভাবে যোগাযোগ নেই। টস করতে যাওয়ার সময়ে সাক্ষাৎ হয়। ওর বিরুদ্ধে খেলি, এই পর্যন্তই। এর বাইরে কোহলির সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক নেই আমার।’-বলেন পেইন।
কোহলি আর অজি ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। ভারতীয় দলের সবশেষ অস্ট্রেলিয়া সফরে কোহলি ও অজি ক্রিকেটারদের লড়াই নিয়ে বেশ আলোচনা হয়েছে। এবারের অস্ট্রেলিয়া সফরে অবশ্য কোহলি প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন।
ফলে আগের বারের মতো লড়াই দেখা যাবে না কোহলি ও অজি ক্রিকেটারদের মধ্যে। পেইন বলেন, ‘অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সব সময়েই প্রতিদ্বন্দ্বিতা হয়। কোহলি নিজেও লড়াকু একজন ক্রিকেটার। প্রতিদ্বন্দ্বী হিসেবে কঠিন। আমিও তাই। সেই কারণে আগে আমাদের দু’জনের মধ্যে কথার লড়াই হয়েছে। তবে তা যে কারো সঙ্গেই হতে পারে।’
২৭ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ২৭ তারিখ সিডনিতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৩টি একদিনের ম্যাচের সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ৪ ডিসেম্বর ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। অ্যাডিলেডে প্রথম টেস্টটি হবে দিবা-রাত্রির। গোলাপি বলের টেস্টটি খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
