যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও ইরাক থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে পারেন। সেনা কর্মকর্তা সূত্রে মার্কিন মিডিয়াকে এ খবর দিয়েছে বলে বিবিসি জানায়।
এতে বলা হয়, আফগানিস্তান ও ইরাক থেকে আরও সেনা ফিরিয়ে আনার জন্য ট্রাম্প নির্দেশ দিতে পারেন বলে মনে করছে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সেনা সূত্র জানায়, মধ্য জানুয়ারির মধ্যে আফগানিস্তানে ৫ হাজার সেনা থেকে কেটে আড়াই হাজারে নামিয়ে আনা হবে। অন্যদিকে ইরাকে মার্কিন সেনা সংখ্যা তিন হাজার থেকে কেটে আড়াই হাজার করা হবে।
তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, বড়দিনের আগেই সব মার্কিন সেনাকে তিনি ঘরে ফেরাতে চান।
এদিকে ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের কাছে হেরে বসেছেন ট্রাম্প। যদিও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন তিনি।
মার্কিন মিডিয়া জানাচ্ছে, সেনা প্রত্যাহারের বিষয়টি মধ্য জানুয়ারি বা ১৫ জানুয়ারির মধ্যেই শেষ করতে হবে। কারণ এর কয়েকদিন পরেই পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বাইডেন।
