রেলের সামনের ৪ চাকা লাইনচ্যুত, শ্যামগঞ্জ-বিরিশিরি যান চলাচল বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:৫৮ এএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জারিয়া রেলগেটে রেল-ইঞ্জিনের সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

এতে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে রয়েছে দুর্গাপুর থেকে ময়মনসিংহ, নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে যাতায়াতকারী হাজারো মানুষ।

মঙ্গলবার সকালে ২৭২নং ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া রেল স্টেশনে উদ্দেশ্যে ছেড়ে আসে।

সকাল ৮টার দিকে উপজেলার জারিয়া রেল স্টেশনে অদূরে নলুয়াপাড়া রেলক্রসিংয়ে রেল ইঞ্জিনের সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এতে কেউ হতাহত না হলেও বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ যায়।

এদিকে এই রেলপথে ঢাকা থেকে ময়মনসিংহ বলাকা কমিউটার ট্রেনটিও নির্ধারিত সময়ে জারিয়া আসতে না পারায় ওই ট্রেনের যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছেন।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

পূর্বধলা থানার ওসি মো. তাওহীদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, কেউ হতাহত না হলেও সড়ক ও রেল পথে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে। সড়ক পথে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে পুলিশ। তিন ঘণ্টা পর সড়ক পথটি চালু করা হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত