সাতক্ষীরা সদর উপজেলার পার কুখরালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে রেজাউল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, নানা প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে পার কুখরালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রেজাউল।
ঘটনাটি জানাজানি হলে রেজাউল কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ওই মাদ্রাসাছাত্রী ও পাশের ১১ বছর বয়সী আরেক মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
পরে মাদ্রাসাছাত্রীর মা মেয়েকে না পেয়ে সোমবার দুপুরে থানায় মামলা করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ে খোঁজ নিয়ে রাজবাড়ী ফেরিঘাট এলাকা থেকে ওই দুই শিশুকে উদ্ধার এবং রেজাউলকে গ্রেপ্তার করে।
