নির্যাতনে পুলিশ হত্যার মামলায় এক চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বিক্ষোভ করেছেন চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ইনস্টিটিউটের পরিচালককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে।
পরে বেলা সাড়ে ১২টায় হাসপাতালের আউটডোরে আবার রোগী দেখা শুরু হলেও পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দারসহ কয়েকজন কর্মকর্তা তখনো প্রশাসনিক ব্লকে নিজেদের কক্ষে অবরুদ্ধ ছিলেন।
গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মচারীদের মারধরে মারা যান পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পিটুনিতে আনিসুল করিমের মৃত্যু হয় অভিযোগ এনে তার বাবা বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনকে মঙ্গলবার গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
পুলিশের ভাষ্য, ডা. মামুনের পরামর্শেই আনিসুলকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে আদাবরের ওই বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে রোগী পাঠানোর জন্য তিনি কমিশন পেতেন।
মামলায় রাজধানীর আদাবরের মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকশন হাসপাতালের এক পরিচালকসহ প্রতিষ্ঠানটির ১১ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ১০ কর্মকর্তা-কর্মচারীকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালটি।
