চাঁপাইনবাবগঞ্জে এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রুবেল ওরফে ফয়সাল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জরিমানার অর্থ নির্যাতিতা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম বুধবার দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ফয়সাল (২৬) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের নামো কানারহাট গ্রামের ফারুকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২৭ অক্টোবর বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কাছে বান্ধবীদের সঙ্গে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থাকার তৎকালীন এসআই ওসমান গনি ২০১৭ সালের ২৪ ডিসেম্বর ফয়সালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের স্বাক্ষ¨গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করে।
