ঘুমন্ত মায়ের পাশ থেকে নিয়ে শিশু সোহানা হত্যায় বাবা-চাচা জড়িত!

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:৫৮ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭ দিনের শিশু সোহানা আক্তার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবা সুজন খান, চাচা রিপন খান এবং তাদের ভগ্নিপতি হাসিব শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার দিনভর জিজ্ঞাসাবাদে শিশু হত্যার ঘটনায় প্রাথমিক সম্পৃক্ততা পেয়ে রাতেই তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

বাবা-মায়ের পাশ থেকে চুরি যাওয়ার দুই দিন পর বুধবার সকালে জেলে সুজন খানের বাড়ির পুকুর থেকে শিশু সোহানার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে তারা কী কারণে শিশুটিকে হত্যা করেছে তা পুলিশ এখনই বলছে না। আরও জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ দাবি করেছে।

গত রবিবার দিবাগত রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে বাবা-মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৭ দিনের শিশু সোহানাকে চুরির ঘটনা ঘটে।

ওই ঘটনায় সোমবার সকালে সোহানার দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণের মামলা করেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, ওই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর ছিল। শিশু সোহানাকে চুরির পর পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করে।

বুধবার সকালে পুকুর থেকে ১৭ দিনের শিশু সোহানার মরদেহ উদ্ধারের পর দুপুরে সন্দেহভাজন হিসেবে শিশুটির বাবা সুজন খান, চাচা রিপন খান এবং তাদের ভগ্নিপতি হাসিব শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

ওসি বলেন, ‘দিনভর জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা শিশু সোহানা হত্যার ঘটনায় জড়িত রয়েছে। তাই আমরা এই তিনজনকে শিশু হত্যার ঘটনায় রাতে গ্রেপ্তার দেখিয়েছি।’

আরও জিজ্ঞাসাবাদের পর শিশু সোহানা হত্যার রহস্য উন্মোচিত হবে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত