হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। ফলে সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, চৌধুরী বাজার এলাকায় টমটম স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে চালকদের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষ ২০ জন আহত হন। ওই সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, কী নিয়ে এ সংঘর্ষ হয়েছে এবং কাদের নেতৃত্বে হয়েছে তা জানার চেষ্টা চলছে।
