পোশাকশ্রমিকসহ তিন নারী ধর্ষণের শিকার

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০২:১৬ এএম

রাজধানীর মিরপুরে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তারা হলো রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, গত বুধবার রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে খালি জায়গায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই তরুণী মামলা করেছেন।

এদিকে নরসিংদীর শিবপুরে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক নারীকে দল বেঁধে ধর্ষণের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কুন্দারপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার পুলিশ ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় বুধবার রাতে শিবপুর মডেল থানায় ভুক্তভোগী মামলা করেছেন।

এ ঘটনায় রায়পুরা উপজেলার সাহেরচর এলাকার মোমরেজ খানের ছেলে আক্তার হোসেন (৩০) এবং একই এলাকার জামির আলীর ছেলে রহিম খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত মোনায়েম খান (২৬) পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাককর্মীকে (১৫) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষকের সহযোগিতার অভিযোগে ওই এলাকার আবুল কালামের ছেলে নূরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত একই এলাকার আবদুল মজিদের ছেলে সোহেল আকন্দ (২৮) পলাতক রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. রফিউদ্দৌলা জানান, পাঠানটুলী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ওই কিশোরী বুধবার দুপুরে লাঞ্চের ছুটির পর বাসায় যাচ্ছিল। আইলপাড়া মোখলেস হাজির বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিচিত সোহেল ও নূরুল কথা বলার জন্য ডেকে ওই বাড়িতে নিয়ে যায়। বাড়ির ভেতরে যাওয়ার পর দুজনে জোর করে নূরুলের ৫তলার ভাড়া ফ্ল্যাটে নিয়ে যায় তাকে। এ সময় দরজার বাইরে তালা লাগিয়ে পাহারা দেয় নূরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত