শিক্ষকরা আলোকিত মানুষ এবং সমাজ বিনির্মাণের কারিগর বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার (মাশিপ) আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকার শিক্ষার সংস্কার, সম্প্রসারণ ও মানোন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘করোনার মতো মহামারী পরিস্থিতিতেও সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার ফলেই আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে।’
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি আমাদের উৎস আপনাদের কাছ থেকেই। আপনারা একজন মানুষকে নৈতিক শিক্ষা দেন, তার ভেতর মূল্যবোধের সৃষ্টি করেন দেখবেন তার জন্য অন্যায়ের দরজা তালাবদ্ধ হয়ে যাবে।’
মনোহরদী মাশিপ সভাপতি সোহরাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন এবং মাশিপের জেলা সভাপতি মো. নূর হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন নাজির ও উপজেলা মাশিপের সাধারণ সম্পাদক এএসএম আব্দুর রাজ্জাক প্রমুখ।
