কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। তবে কাতারের কোনো শীর্ষ ক্লাব দলের সঙ্গে খেলা হচ্ছে না জামাল ভূঁইয়াদের।
ঘরোয়া ব্যস্ত সূচির কারণে শীর্ষ কোনো দলকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
তিনি জানান, কাতার ফুটবল অ্যাসোসিয়েশন প্রস্তাব দিয়েছে, তারা কয়েকটি দল দেবেন। সেখান থেকে বেছে নিতে পারবে বাংলাদেশ।
কাতারের বিপক্ষে ম্যাচ খেলতে বৃহস্পতিবার কাতার পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পরই কোভিড-১৯ পরীক্ষা হয় সবার। যাতে টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদারের ফল পজিটিভ আসে। শনিবার দলের সবারই আবারো করোনা পরীক্ষা করানো হয়েছে।
নিয়ম অনুযায়ী কাতার পৌঁছানোর পর সবাইকেই তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে। শুক্রবার বাংলাদেশ দলের সদস্যরা হোটেল রুমেই কাটিয়েছেন এবং হালকা স্ট্রেচিং করেছেন। শনিবার অবশ্য হোটেলে জিম করেছেন খেলোয়াড়রা।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৪ ডিসেম্বর দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে হবে কাতার-বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি।
