আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের দুটি ম্যাচ খেলে বুধবার বার্সেলোনায় ফিরেই বিরক্তি প্রকাশ করেছেন লিওনেল মেসি। তাতে তার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও একবার ডালপালা মেলেছে। তবে বার্সা অধিনায়কের বিরক্তির কারণ জানালেন কোচ রোনাল্ড কোম্যান। বলেছেন, মেসিকে গ্রিজমানের ব্যাপারে প্রশ্ন করা অসম্মানজনক।
আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গতকালের লা লিগার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসির করা মন্তব্যের কারণ জানতে চাওয়া হয় কোম্যানের কাছে। মেসি সেদিন বলেছিলেন, ক্লাবের সব সমস্যার একমাত্র কারণ তিনিÑ শুনতে শুনতে ক্লান্ত তিনি। আর কথাটি বলেছিলেন গ্রিজমানের সাবেক এজেন্ট মেসিকে নিয়ে অভিযোগ করায়। কোম্যান এ বিষয়ে বলেন, ‘মেসির এমন বিরক্তি প্রকাশের কারণ আমি জানি। সে লম্বা একটি ভ্রমণ করে এসেছে। কিন্তু আসার পর সঙ্গে সঙ্গেই তাকে প্রশ্ন করা হয়েছে যা অসম্মানজনক।’ বিমানবন্দরে নামতে না নামতেই প্রশ্ন করে মেসিকে বিরক্ত করা কোনো এক চক্রের ইচ্ছাকৃত বলছেন বার্সা কোচ। ‘বিতর্ক তৈরি করার জন্য এটা পরিকল্পনা করেও করা হতে পারে। আমি ড্রেসিংরুমে এমন কিছু দেখিনি যা ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে সমস্যা আছে। আমি সমস্যা খুঁজে বের করা পছন্দ করি না। যে (মেসি সম্পর্কে) বলেছে সে অনেক বছর ধরেই গ্রিজমানের সঙ্গে আর কাজ করে না।’
জুনে চুক্তির মেয়াদ শেষ হলে মেসি বার্সা ছাড়বেন নাকি নতুন চুক্তি করবেন সে বিষয়ে কোনো ধারণা নেই কোম্যানের। তবে মেসির প্রতি সমর্থন থাকবে বলে জানিয়েছেন কোম্যান। ‘তার এখনো এক বছরের চুক্তি আছে। আমার মতে, মেসির এখানে থাকা উচিত। ভবিষ্যতে কী হতে পারে, কেউ জানে না। আমার মেসিকে সমর্থন করতেই হবে। সে নিজে তার ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে।’
