স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফেরা হলো না রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের মাঠে শুরুতে লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি জিনেদিন জিদানের দল। ফিরতে হয়েছে ড্র নিয়ে।
শনিবার ১-১ গোলে ড্র হয় দুই দলের ম্যাচটি। লিগে নিজেদের আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল স্পেনের বর্তমান চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির আগে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি।
এদিন মাত্র ২ মিনিটে এগিয়ে যায় রিয়াল। মারিয়ানো দিয়াস গোল করেন। ৭৬ মিনিটে জেরার্দ মোরেনো পেনাল্টি থেকে ভিয়ারিয়ালকে সমতা এনে দেন।
শুরুতেই গোল হজম করে কিছুটা খেই হারিয়ে পড়া ভিয়ারিয়াল নিজেদের গুছিয়ে নেয় ধীরে ধীরে। দ্বিতীয়ার্ধে তারাই বেশি প্রাধান্য বিস্তার করে খেলেছে।
এই ড্র-র ফলে রিয়াল মাদ্রিদ টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে। যা এখন ভিয়ারিয়ালের দখলে। অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে দলটি। ১০ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট তাদের।
রিয়াল ৯ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। সমান ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে রিয়াল সোসিয়েদাদ।
