অক্সফোর্ডের দাবি

ছয় মাসের মধ্যে ফের সংক্রমণের ঝুঁকি নেই

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৬:৩৯ এএম

করোনাভাইরাসে পুনরায় সংক্রমণ নিয়ে আশার কথা জানালেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। বিভিন্ন দেশে সংক্রমণ সেরে উঠতেই নতুন করে ভাইরাসের কবলে পড়া নিয়ে যখন উদ্বেগ বাড়ছিল তখন অক্সফোর্ডের গবেষকরা জানালেন, করোনায় আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর ছয় মাসের মধ্যে পুনরায় সংক্রমণের ঝুঁকি নেই।

সিএনএনের প্রতিবেদন বলছে, করোনায় পুনরায় সংক্রমণ নিয়ে এক গবেষণা পরিচালনা করছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি হওয়া করোনা রোগীদের পর্যবেক্ষণে গবেষকরা দেখেছেন পুনরায় সংক্রমণ কীভাবে হানা দিচ্ছে শরীরে। পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকরা বলেছেন, শুরুতে যতটা উদ্বেগ ছিল, এখন তা কমেছে। দেখা গেছে, করোনা সারিয়ে ওঠার অন্তত ছয় মাস অবধি ভাইরাস শরীরে ঢুকতে পারবে না।  

অক্সফোর্ডের নিউফিল্ড ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের গবেষক ডেভিড আইরের মতে, পুনরায় সংক্রমণের ঝুঁকি কমছে মানেই কভিড প্রতিরোধী অ্যান্টিবডি টিকে থাকার সময় বাড়ছে। এটিই এই গবেষণার সবচেয়ে ভালো দিক। তার মতে, সংক্রমণ সারিয়ে ওঠার পর যদি ছয় মাস অ্যান্টিবডি রক্তে থেকে যায় তাহলেই ভাইরাল স্ট্রেন আর নতুন করে রোগ ছড়াতে পারবে না।

১১ হাজার ৫২ জন রোগীর ওপর পরীক্ষা করেই এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা। সায়েন্স জার্নালে এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১১ হাজার রোগীর মধ্যে ৮৯ জন যাদের রক্তে অ্যান্টিবডি ছিল না তারা ফের আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণের উপসর্গও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত