রংপুর, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। গতকাল রবিবার দুপুরের দিকে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দিনাজপুরের মডার্ন মোড়ে মানববন্ধন কর্মসূচিতে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্টের সভাপতিত্বে শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিভিন্নভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। বর্তমানে ৫৭ ধারা আইনের কারণে সংবাদ প্রকাশ করায় অনেক সাংবাদিককে কারাভোগ করতে হচ্ছে। দেশের জনসাধারণের কথা চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। সেই সংবাদ প্রকাশ করার কারণে দুর্নীতিবাজদের হাতে হত্যার শিকার হয়েছেন অনেক মেধাবী সাংবাদিক।
