ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ২০০ নম্বরের পরীক্ষা কমিয়ে আনা হয়েছে ১০০ নম্বরে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তিবিষয়ক সাধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের বর্ণনামূলকসহ মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ (১০+১০) নম্বর। ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। এ ছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট আগের মতোই বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে ঘ ইউনিটের বিষয়টি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা এর আগে বলেছিলাম মহামারীর মধ্যে শিক্ষার্থী বিভাগ সুবিধার জন্য বিভাগীয় শহরের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে সেখানে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেব। আজকের সভায় নম্বর বণ্টন ও সার্বিক দায়িত্ব নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা। আর আসনসংখ্যা ও ভর্তির আবেদন ফি গত বছরের মতোই। ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা নেওয়ার বিষয়টা এইচএসসির ফলাফল প্রকাশের ওপর নির্ভর করছে। ফলাফল পাওয়ার পরপরই যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা পরীক্ষার তারিখ জানিয়ে দেব।
