ভিজিডির চাল আত্মসাৎ করে কারাগারে ইউপি চেয়ারম্যান

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৩:১৮ পিএম

 দুস্থ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তায় বরাদ্দ দেয়া ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে এক ভুক্তভোগীর করা মামলায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইয়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিচারক এনামুল হক জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে ভিজিডি কার্ডধারী সুবিধা বঞ্চিত ভুক্তভোগী এক নারীর পক্ষে তার ভাই উপজেলার রিফাইতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুন্না গত মঙ্গলবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে কার্ড জালিয়াতি করে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ দেন আদালতে।

আদালতের বিচারক অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ওই ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরি করেন।

ওই চেয়ারম্যান রুবিনার ভিজিডি কার্ডের বিপরীতে ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ হওয়া সরকারি চাল আত্মসাৎ করেন। বিধবা রুবিনা এ ব্যাপারে কিছুই জানতেন না।

সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রুবিনা খাতুন স্থানীয় মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত