ফেইসবুকে কম দামে মোবাইল ফোন বিক্রির চটকদার বিজ্ঞাপন দেখে অর্ডার করেন এক ব্যক্তি। অর্ডার বুঝে নিয়ে ফোনের বাক্সটি খুলে দেখেন বাক্সভর্তি কাঠের টুকরো। ওই ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক অনলাইন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য জানিয়ে বলেন, আবুল কালাম ভিন্ন নামে ফেইসবুকে একটি ফেক আইডি চালাত। সেই আইডি থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল ফোন বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রির বিজ্ঞাপন দেয়। পরে এক ব্যক্তি ৮০টি মোবাইল ফোন কিনবেন বলে অনলাইনে অর্ডার দেন। তিনি সাড়ে ৩ লাখ টাকা পরিশোধও করেন। কিন্তু ডেলিভারির সময় মোবাইল ফোন না দিয়ে মোবাইল বাক্সের ভেতর কাঠের টুকরো দিয়ে দেন প্রতারক আবুল কালাম। এভাবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নজনের সঙ্গে অনলাইনে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারক আবুল কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
