গাঁজানো নাশপাতি খেয়ে মাতাল কাঠবিড়ালি

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১০:২১ পিএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নিজের বাগানের কাঠবিড়ালিদের জন্য ফ্রিজের পুরোনো নাশপাতি বের করে দিয়েছিলেন এক নারী। আর এই নাশপাতি খেয়েই নেশাতুর হয়ে পড়ে একটি কাঠবিড়ালি। ভাইরাল হওয়া এক ভিডিওতে প্রাণীটিকে মাতাল হয়ে দুলতে দেখা গেছে।

পুরো ঘটনাটাই ক্যামেরায় ধারণ করে রেখেছিলেন কেটি মরলোক নামের ওই নারী। মাতাল কাঠবিড়ালিটির নাম রেখেছেন তিনি লিল রেড।

ভিডিওতে দেখা যায়, নাশপাতি নিয়ে গাছে উঠে পড়ে লিল রেড। এর ঘণ্টা খানিক পরেই দেখা যায় টলোমলো পায়ে আবার নেমে এসেছে সে, আরও নাশপাতির খোঁজে। 

স্থানীয় একটি টেলিভিশনে এ কথা বলেন কেটি বলেন, তখন বুঝতে পারি, নাশপাতিটি এত পুরোনো ছিল, নিশ্চয় গেঁজে গেছে। কাঠবিড়ালির অবস্থা দেখে দয়া পরবশ হয়ে আরও কয়েকটি নাশপাতি এনে দেন তিনি। আর সেগুলো খেয়ে পুরোপুরি মাতাল হয়ে পড়ে লিল রেড। 

ভিডিওতে দেখা গেছে নাশপাতির ঝুড়িতে উঠতে গিয়ে রীতিমতো পড়ে পড়ে যাচ্ছে ছোট্ট প্রাণীটি, দুলছে বেসামাল ভঙ্গিতে।

মাতাল কাঠবিড়ালিটিকে নিয়ে কেটি দুশ্চিন্তায় পড়ে গেলেও, পরদিন সকালেই দেখা যায় নেশা কেটে বহাল তবিয়তেই আছে লিল রেড।

অতিরিক্ত পাকা ফল খেয়ে প্রাণীদের মাতাল হয়ে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। হাতি, বানরসহ অনেক প্রাণীদের নিয়েই এ রকম বহু ঘটনা জানা যায়।

সূত্র: গার্ডিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত