লোহাগাড়ায় নিজ উঠানে আচমকা গুলিতে কিশোর নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১২:২৭ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. মারুফুল ইসলাম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পশ্চিম নারিচ্যার চান্দা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফুল ইসলাম চুনতির পশ্চিম নারিচ্যার চান্দা বটতলী এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে। তিনি পুঁটিবিলা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, মারুফুল ইসলাম বুধবার সন্ধ্যার দিকে বাড়ির সামনের উঠানে বসে বই পড়ছিল। সাতটার দিকে হঠাৎ একটি গুলি এসে মারুফুলের বুকে লাগে।

পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মারুফুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মোনাফ সিকদার বলেন, ‘শুনেছি ওই এলাকায় কিছু মানুষ বন্য শূকর শিকারের সঙ্গে জড়িত। বন্য শূকর শিকারের জন্য প্রস্তুতি নেওয়ার সময় অসাবধানতাবশত বন্দুকের গুলি বের হয়ে মারুফুলের বুকে লাগতে পারে।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, গুলিবিদ্ধ শিশু মারুফুলের লাশ আজ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, বন্য শূকর শিকারির গুলিতে শিশুটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ওই ব্যক্তি ঘটনার পর পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, তার আগ্নেয়াস্ত্রটি বৈধ নয়। তাকে খুঁজে বের করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত