মাদারীপুরে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে তিন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালের ভেতর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল সকাল থেকেই নির্মাণাধীন ওই ভবনটিতে কাজ করছিলেন অর্ধশতাধিক শ্রমিক। এ সময় ক্রেন ভেঙে নিচে থাকা ঢালাই মেশিনের সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন শুভ নামে এক শ্রমিক। ওই সময় নিচে থাকা অন্য দুই শ্রমিক ফরহাদ ও নয়নও আহত হন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শুভ ও ফরহাদের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
