যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার আশা প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গত বুধবার শি বাইডেনকে শুভেচ্ছা জানান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
এদিন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানও বাইডেনের রানিংমেট নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে বাণিজ্য থেকে শুরু করে প্রযুক্তি, হংকং এবং করোনাভাইরাস নিয়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মুখে পড়েছে।
বাইডেনকে জানানো অভিনন্দন বার্তায় শি বলেছেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেবল দেশ দুটির জনগণের মৌলিক স্বার্থের জন্যই কাম্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ও এটিই আশা করে।
যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিপরীতে জো বাইডেন বড় ধরনের জয় পাওয়ার পরপরই বিশ্বের অনেক নেতা তাকে অভিনন্দন জানালেও চীন ছিল নীরব। নির্বাচনের বেশ কয়েক দিন পর গত ১৩ নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেন ও কমলাকে অভিনন্দন জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সেদিন বলেন, আমরা আমেরিকার জনগণের পছন্দকে সম্মান জানাই। জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে পেইচিংয়ের আগের অবস্থানও আবার তুলে ধরে ওয়াং বলেন, আমরা জানি নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ীই নির্ধারিত হবে।
