বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে।’ সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়েসকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার করা হচ্ছে। হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে সরকার।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েসকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।’ বিবৃতিতে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।
বিএনপির দপ্তর-সংশ্লিষ্ট নেতারা দেশ রূপান্তরকে বলেন, ‘উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় এবং নিম্ন আদালতে গিয়ে নতুন করে জামিনের আবেদন না করায় কায়েসকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ। পরে সিরাজগঞ্জ আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।’
