রোগাক্রান্ত হওয়ায় ১৫ দিনের ছেলেকে হত্যা বাবা-মায়ের!

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০২:১৯ এএম

সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালীতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর ১৫ দিনের শিশু সোহান হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহানের বাবা সোহাগ হোসেন ও মা ফাতেমা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সোহান রোগাক্রান্ত হওয়ায় বাবা-মা তাকে হত্যার পর লাশ গুম করতে সেফটিক ট্যাংকে ফেলে দেন।

পুলিশ জানায়, দু’বছর আগে নানির বাড়িতে থাকা ফাতেমার সঙ্গে কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর পারিবারিক কলহের কারণে স্বামীকে নিয়ে তাকে ফের আশ্রয় নিতে হয় নানির বাড়ি সদর উপজেলার হাওয়ালখালীতে। গত ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের আনোয়ারা ক্লিনিকে জন্ম নেয় এ দম্পতির একটি ছেলে। তার নাম রাখা হয় সোহান হোসেন। এরপর সোহান অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যেতে হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ২৫ নভেম্বর বুধবার সন্তানকে নিয়ে বাড়ি ফিরেন সোহাগ-ফাতেমা। পরদিন দুপুরে ঘরের বারান্দায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুটি হারিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন জানান, চুরির গল্প সাজালেও পুলিশের প্রথমেই সন্দেহ শিশুটির বাবা-মাকে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে জানান, সোহান খুবই অসুস্থ ছিল। সে জন্ডিস, রিকেট ও নিউমোনিয়া, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিল। এ সমস্ত কারণ এবং ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা তাকে হত্যা করেছেন। তিনি আরও জানান, সোহাগ ছেলেকে মেরে তাদের বাড়ির সামনের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেন। এ কাজে তাকে সহযোগিতা করেন ফাতেমা। তাদের দেওয়া তথ্যে লাশটি উদ্ধার করা হয়।

গতকাল বিকেল ৩টায় পুলিশ লাইনসের ড্রিল শেডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘নবজাতকের বাবা-মা বারবার পুলিশকে বিভ্রান্ত করতে থাকলেও পুলিশ বিভ্রান্ত হয়নি। বিভিন্ন উপায়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে থাকে। অবশেষে ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ। হত্যায় জড়িত বাবাকে (সোহাগ) আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আর মা (ফাতেমা) পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় এসআই হানিফ বাদী হয়ে সোহাগ ও ফাতেমার নামে হত্যা ও অপহরণ মামলা করেছেন জানিয়ে এসপি মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘শিশুটির বাবা-মা জানিয়েছেন অভাব ও নানা রোগে আক্রান্ত হওয়ায় তারা তাদের একমাত্র ছেলে সোহানকে হত্যা করেছেন।’ শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত