রাজশাহীতে ইউনিয়ন পরিষদ কক্ষে যুবকের ঝুলন্ত লাশ

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০২:২০ পিএম

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্সের একটি কক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোফাজ্জল হোসেন (৩০) পেশায় একজন ভ্যানচালক। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের যুগলপুর গ্রামে। বাবার নাম তোফাজ্জল হোসেন। ১২ দিন আগে হরিপুর ইউনিয়নের নলপুকুর গ্রামে পারিবারিকভাবেই তার বিয়ে হয়। তার শ্বশুরের নাম রফিকুল ইসলাম।

হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল দাবি করেন, ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১২ দিন আগে তার বিয়ে হয়। কিন্তু মাদকাসক্ত হওয়ার কারণে স্ত্রী তার সঙ্গে সংসার করতে চাননি। আজ ইউপি কার্যালয়ে বসে তাদের মীমাংসা হওয়ার কথা ছিল।

ইউপি চেয়ারম্যান বলেন, মাত্র কয়েক দিন আগে বিয়ে হলেও রফিকুলের মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসেন। তিনি আর সংসার করতে চাচ্ছিলেন না। দু’দিন আগে মোফাজ্জল তাকে নিতে শ্বশুরবাড়ি আসেন। শনিবার রাতে মদ্যপ অবস্থায় পবা উপজেলার হড়গ্রাম এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্বশুরবাড়িতে দিয়ে যান। শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে রাখতে চাননি। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়। পরে সিদ্ধান্ত হয় স্বামী-স্ত্রীর তালাক হবে। আজ রবিবার হরিপুর ইউপি কার্যালয়ে এ নিয়ে বসার কথা ছিল। কিন্তু মোফাজ্জলকে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে রাখতে না চাওয়ায় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাতে তাকে থাকতে দেওয়া হয়েছিল। সকালে চৌকিদাররা ঘরের জানালায় তার লাশ ঝুলে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে, শ্বশুরবাড়ির এলাকায় এই ঘটনা ঘটায় লাশ নামানোর আগেই সিআইডিকে বিষয়টি অবগত করা হয়।

তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। 

রাজশাহী সিআইডির ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, ঘটনা শোনার পর সিআইডির একটি দল ঘটনাস্থলে গেছেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ  করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত