তিন মাসের বকেয়া বেতন আদায়ের জন্য শ্রমিকদের মামলায় সাভারের তৈরি পোশাক কারখানা অমর ফ্যাশন লিমিটেডের পরিচালক মরিয়ম বেগমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে রাজধানীর মিরপুর পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে অবস্থিত অমর ফ্যাশন লিমিটেডের এমডি কুমিল্লার দেবীদ্বার থানার মোসাদ্দেক মোবারক আলী। আর তার স্ত্রী মরিয়ম বেগম কারখানাটির পরিচালকের দায়িত্বে আছেন।
গত ১০ নভেম্বর বকেয়া আদায়ের জন্য ভুক্তভোগী শ্রমিকদের পক্ষে সাভার মডেল থানায় মামলা করেন শফিকুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, কারখানাটিতে গত আগস্ট থেকে ৬৯ শ্রমিক কাজ করছেন। প্রত্যেক মাসেই মালিকপক্ষ বেতন দিতে গড়িমসি করে। এভাবে গত ২৫ অক্টোবর পর্যন্ত শ্রমিকদের কাজ করিয়ে নেয়। এরপর শ্রমিকদের প্রায় ২১ লাখ টাকা বেতন না দিয়ে ২৬ অক্টোবর হঠাৎ কারখানা বন্ধ করে মালিকরা পালিয়ে যান।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, কারখানার পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
