নেইমারের মাইলফলকের দিনে পয়েন্ট হারিয়েছে পিএসজি। প্যারিসে বোর্দোর সঙ্গে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে তারা। তবুও ১২ ম্যাচে ২৫ পয়েন্টে শীর্ষে টমাস টুখেলের দল। আগের রাউন্ডে মোনাকোর কাছে হেরেছিলেন নেইমাররা।
ম্যাচের আগে স্মরণ করা হয় ডিয়েগো ম্যারাডোনাকে। পার্ক দ্য প্রিন্সেসে ওয়ার্মআপের সময় তারা পরেছিলেন কিংবদন্তির ছবিসহ বিশেষ এক জার্সি। দু’দলের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা ইংরেজিতে ‘এম’ আকৃতি করে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। স্টেডিয়ামের ছাদে ‘১০’ অঙ্কিত পতাকা ওড়ানো ছিল। গ্যালারিতে ছিল ম্যারাডোনার ছবিসহ বিশাল ব্যানার। জায়ান্ট স্ক্রিনেও ছিলেন ম্যারাডোনা। ম্যাচ শুরুর ১০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল পিএসজি। নেইমার ২৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান। ফ্রেঞ্চ লিগে এটা ৫৮ ম্যাচে তার ৫০তম গোল, যা পিএসজির হয়ে দ্রুততম। এর আগে ইব্রাহিমোভিচ ৫৯ ম্যাচে গোলের হাফসেঞ্চুরি করেছিলেন। ২৮ মিনিটে ময়েসে কিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ৬০ মিনিটে ইয়াচিন অ্যাডলির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বোর্দো।
