ট্রেজারি বন্ডের লেনদেন বিও অ্যাকাউন্টে

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০১:২৫ এএম

পুঁজিবাজারে ট্রেজারি বন্ড লেনদেন চালু হবে বেনিফিশিয়ারি ওনার্স (বিও হিসাব) অ্যাকাউন্টের মাধ্যমে। এই লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে সব আইনি জটিলতা নিরসনে করণীয় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে আয়োজিত সভায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সিডিবিএল এবং বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সিডিবিএল এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের এমডিসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সরকারের ট্রেজারি বন্ডসহ সরকারি সিকিউরিটিজগুলো অতিসত্বর লেনদেনের জন্য সব আইনি জটিলতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ। বর্তমানে ট্রেজারি বন্ডসহ লেনদেন না হওয়া সিকিউরিটিজের অর্থের পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা। বছরের পর বছর এই টাকা পুঁজিবাজারে লেনদেনহীন হয়ে পড়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত