চলে গেলেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক ও মুক্তিযোদ্ধা এম আবদুল হান্নান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘আবদুল হান্নান খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-, জেলহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও দলিলপত্র সংগ্রহ ও উপস্থাপনের মাধ্যমে এসব মামলার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা ও জেলহত্যা মামলার তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তিনি (হান্নান খান) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হিসেবে সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক দেশ রূপান্তরকে বলেন, ‘গত বৃহস্পতিবার উনার জ¦র আসার পর ওইদিনই করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। একপর্যায়ে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। দুদিন তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও গতকাল সকাল থেকে অবস্থার অবনতি হতে থাকে। করোনায় তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন।’
সানাউল হক আরও জানান, সত্তরোর্ধ্ব হান্নান খানের কিছুদিন আগে হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল থেকে ফিরে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে অবসরে যাওয়ার পর ২০১১ সালের ১২ জানুয়ারি তাকে আইজিপি পদমর্যাদায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ দেয় সরকার। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়।
