না.গঞ্জে মসজিদে বিস্ফোরণ

৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশ স্থগিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০২:২৭ এএম

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ব্যক্তির পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সরকারের করা আবেদন নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হেসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশটি স্থগিত করে। একই সঙ্গে এ নিয়ে হাইকোর্টের দেওয়া রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

ভিডিও কনফারেন্সে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম (আবু মোহাম্মদ) আমিন উদ্দিন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম  খন্দকার। সঙ্গে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী মার-ই-য়াম খন্দকার। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘আপিল বিভাগ এ নিয়ে চেম্বার আদালতের স্থগিতাদেশটি বহাল রেখেছেন এবং রুল দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন।’

নারায়ণগঞ্জের ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ অন্তর্বর্তীকালীন এক আদেশে পরিবারগুলোকে আপাতত পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দেয়। একই সঙ্গে বিস্ফোরণে দগ্ধ ৩৭ পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। পরে এ আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এক আদেশে হাইকোর্টের এই আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনার পর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ ভর্তি করা হয়। সেখানে ৩৪ জন মারা যান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, শীতাতপ নিয়ন্ত্রিত ওই মসজিদের গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বদ্ধ পরিবেশে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত