ভাস্কর্য নিয়ে উসকানিমূলক বক্তৃতা বিবৃতির বিষয়ে সবাইকে আরও সংযত হওয়ার আহ্বান জানিয়েছে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, ‘ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা যায়। তাই বিষয়টি নিয়ে সংযত হতে হবে।’
গতকাল মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন ‘রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)’ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
‘ভাস্কর্য ও মূর্তি’ ইস্যুর বিষয়ে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, উসকানিমূলক বক্তৃতা বিবৃতির বিষয়ে সবাইকে আরও সংযত হতে হবে। একই সঙ্গে ভাস্কর্য ও মূর্তির বিষয়টি আর আলোচনায় না নিয়ে আসার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধর্ম-কর্ম যে যেটাই করি না কেন, যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিতে হবে। প্রত্যেক ধর্মেই বলা আছে ভালো মানুষ যেন হতে পারি, অসৎ কাজ ও অন্যায় যেন না করি, পরের যেন কোনো ক্ষতি না করি। ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করলে ভালো ফল পাওয়া যায়।’
ফরিদুল হক বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে ওমরাহ করার সুযোগ নেই। অদূর ভবিষ্যতে সুযোগ হলেও সীমিত পরিসরে ওমরাহ যাত্রী পাঠানো হবে। করোনা পরিস্থিতির কারণে শুধু ওমরাহই নয়, আগামী হজের সময় কী হবে সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত। সৌদি সরকারের পক্ষ থেকে আগাম কিছু জানানো হয় না, তারা সিদ্ধান্ত নিয়ে তবেই জানায়। তখন নিশ্চিত করে সবকিছু বলা সম্ভব হয়। এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি।
