ভারত থেকে আসবে ৫০ হাজার টন চাল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০২:৩২ এএম

ভারতের বীরভূম থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানিসহ ১২টি দর প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। খাদ্যবিভাগ কর্র্তৃক টেবিলে উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি ৩৫ দশমিক ২৭ টাকা দরে এতে ব্যয় হবে ১৭৬ কোটি ৩৮ লাখ টাকা। ভারতীয় কোম্পানি এমএসটিকে অ্যাগ্রিলিঙ্ক এ চাল সরবরাহ করবে; যা ভারতের বীরভূম থেকে আমদানি করা হবে। গতকাল বুধবার ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল এ প্রসঙ্গে ব্রিফিং করেন। আবু সালেহ মোস্তফা কামাল বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে ২০২০-২১ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতার থেকে ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানি করা হবে। সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৬ লাখ টন ডিএপি সার আমদানির ক্রয়প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

এছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাব মতে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক নির্মাণসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চার লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক) উন্নয়ন প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে গণপূর্ত অধিদপ্তর কর্র্তৃক বাস্তবায়নের জন্য নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্যাকেজ নম্বর এফএসডি-১২-এর আওতায় ৫টি লটে মোট ৫৪ দশমিক ৫০ মিলিয়ন সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) সংগ্রহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্র্তৃপক্ষ কর্র্তৃক বাস্তবায়নাধীন ‘রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার চ্যানেল) জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের আওতায় পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার চ্যানেল) জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কাজের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্র্তৃক বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ এউ ১-এর লট ৪-এর আওতায় টার্নকি-ভিত্তিতে ৩টি নতুন সাবস্টেশন স্থাপন, ৬টি সাবস্টেশনের মানোন্নয়ন ও ৩টি সাবস্টেশন সম্প্রসারণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সালের সর্বশেষ সংশোধনীসহ)-এর আওতায় বাস্তবায়নাধীন ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান আইএলএফ কর্র্তৃক ডিটেইল ডিজাইন রিভিউ কাজ, চুক্তিবহির্ভূত নতুন কাজ এবং অতিরিক্ত ১২ মাসের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সার্ভিস ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সনের সর্বশেষ সংশোধনীসহ)-এর আওতায় বাস্তবায়নাধীন ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন’ শীর্ষক প্রকল্পের কুতুবদিয়া ও মাতারবাড়ি অ্যাপ্রোচ চ্যানেল অংশে ডিপ পোস্ট ট্রেঞ্চিং পদ্ধতিতে পাইপলাইন স্থাপনের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ (২০১৮ সনের সর্বশেষ সংশোধনীসহ)”-এর আওতায় কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি টার্মিনাল ডেভেলপমেন্ট সিলেকশন জিআই আরএফপি মূল্যায়ন পর্যন্ত সকল কার্যক্রম সম্পাদনের জন্য সুপারিশকৃত পরামর্শক প্রতিষ্ঠান টোকিও গ্যাস ইঞ্জিনিয়ারিং সলিউশন কর্পোরেশন, জাপান অ্যান্ড নিপ্পন কোই-ই লিমিটেড (জাপান জেভি) এর সাথে নেগোসিয়েটেড দরের চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এবং ডিসেম্বর ২০২০ সময়ে অতিরিক্ত মোগ্যাস (অকটেন ৯৫ আরওএন) আমদানির ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয় গতকালের বৈঠকে।

এর আগে একই স্থানে একই ব্যক্তির সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে করোনার ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত