১১ মাস বয়সী ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ায় শ্রীলঙ্কা থেকে তড়িঘড়ি করে পাকিস্তানে ফিরে গেছেন শহীদ আফ্রিদি।
মেয়ের অসুস্থতার কথা অবশ্য আফ্রিদি জানাননি। তিনি শুধু এক ‘জরুরি ব্যক্তিগত কাজ’-এর কথা বলেছেন টুইটারে।
আফ্রিদি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত একটা জরুরি ব্যক্তিগত কাজে আমাকে পাকিস্তান যেতে হচ্ছে। পরিস্থিতি সামলে নিতে পারলেই দ্রুত আমি আবার ফিরে এলপিএলে আমার দলের সঙ্গে যোগ দেব।’
কিন্তু ৪০ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডারের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজটা যে হাসপাতালে ভর্তি হওয়া মেয়ের কাছে ছুটে যাওয়া, সেটি জানিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। হাসপাতালে মেয়ের বেডের পাশে দাঁড়িয়ে আফ্রিদি ছোট্ট মেয়েকে দেখছেন-এমন একটি ছবি দিয়ে ‘এলপিএলটি২০ অফিশিয়াল’ আইডির সেই অ্যাকাউন্টে আফ্রিদিকে ট্যাগ করে লেখা হয়েছে, ‘আফ্রিদি তার দেশে কেন ফিরে গেছেন জানেন? তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ওর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
আফ্রিদির মেয়ের কী হয়েছে, তা জানা যায়নি। এই মেয়ের অসুস্থতার কারণেই এর আগে শ্রীলঙ্কা যেতে দেরি হয়েছিল তার।
গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক ছিলেন আফ্রিদি। এলপিএলে প্রথম ৩ ম্যাচে তার নিজের কিংবা দলের-কারোরই পারফরম্যান্স তেমন ভালো হয়নি। বল হাতে আফ্রিদি তিন ম্যাচে উইকেটশূন্য, ব্যাট হাতেও শুধু জাফনা স্ট্যালিয়নসের বিপক্ষে প্রথম ম্যাচেই যা আলো ছড়িয়েছেন, ২৩ বলে সেদিন ৩ চার ও ৬ ছক্কায় করেছিলেন ৫৮ রান।
গল গ্ল্যাডিয়েটর্স তিন ম্যাচেই হেরেছে, টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র জয়হীন দল তারা।
