রাঙ্গামাটিতে ইউপিডিএফকর্মী বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:১৫ এএম

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের কর্মী নয়ন চাকমা (সাজেক) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নয়ন চাকমা নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অধীন বাজে ছড়া গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম কান্দারা চাকমা।

নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন বলেন, নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক স্থানে চাঁদাবাজি হচ্ছেএমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী উপস্থিত হলে সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি করলে সাজেক চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এসএমজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ইউপিডিএফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আজ দুপুর ১টার দিকে নয়ন চাকমা ও অন্য দুই ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে বেতছড়ি থেকে সোনারাম কার্বারিপাড়ায় যাচ্ছিলেন। তারা ১৯ মাইল (বেতছড়ি ও সোনারাম কার্বারিপাড়ার মাঝামাঝি স্থান যা টিবিরাছড়ি রাস্তার মুখ নামেও পরিচিত) নামক স্থানে পৌঁছামাত্র রাঙ্গামাটির দিক থেকে একটি সিএনজিযোগে সাদাপোশাকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নয়ন চাকমা নিহত হন। তবে সৌভাগ্যক্রমে অন্য দুজন দৌড়ে পালিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করতে সক্ষম হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত