সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের খুঁজে পাচ্ছেন না। এ ব্যাপারে ছয় মনোনয়ন প্রত্যাশী বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের গঠিত মনোনয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনাগাজী পৌর নির্বাচনের তফসিল ঘোষিত না হলেও শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা আওয়ামী লীগ তৃণমূলের ভোটাভুটিতে তিন মেয়র প্রার্থী প্রাথমিকভাবে নির্ধারণ করার কথা। দলীয় মনোনয়ন পেতে এর আগে মনোনয়ন প্রত্যাশীরা জেলা আওয়ামী লীগের গঠিত বোর্ড থেকে বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অভিযোগে জানা গেছে, সোনাগাজী পৌরসভার নয় ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন তাদের অজ্ঞাত স্থানে আত্মগোপনে রেখেছেন। যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল বলে অভিযোগে উল্লেখ করেন তারা। ফলে ভোটারদের প্রভাবিত নির্বাচনে অনিয়মেরও আশঙ্কা করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
অভিযোগের সত্যতা জানতে এ প্রতিবেদক ওয়ার্ড আওয়ামী লীগের অন্তত ১২ জন সভাপতি ও সম্পাদকের ফোনে কল করলে সবগুলো নাম্বার বন্ধ পান। তাদের বাড়িতে গেলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি।
সোনাগাজী পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন ছাড়াও পৌর আওয়ামী লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম মিষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নাছির উদ্দিন ভূঞা আরিফ, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে ছাত্রলীগ নেতা শরিয়ত উল্যাহ রনি দলীয় মনোনয়ন প্রত্যাশী।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন জানান, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়েই দলীয় ফরম সংগ্রহ ও জমা দিয়েছি।
তারা কোথায় প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের আহ্বায়ক মাষ্টার আলী হায়দার জানান, মনোনয়ন প্রত্যাশীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপিকে অভিযোগের বিষয়টি অবহিত করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
তবে সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী পৌর মেয়র হিসেবে তিন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়। তারা হলেন, বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন, ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, নুর নবী লিটন।
