বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং মূর্তি সম্পূর্ণ রূপে আলাদা বিষয়। এই ভাস্কর্য আমাদের অবিনাশী চেতনার প্রতিচ্ছবি। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করতে চাইলে আইন তার নিজস্ব গতিতে চলবে। গতকাল শুক্রবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরইএ) দুই দিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের আদর্শিক, চেতনার, বিশ্বাসের ও গবেষণার বিমূর্ত প্রতীক। বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে আমরা অনুপ্রাণিত হই, উৎসাহিত হই, তার আদর্শকে ধারণের কথা ভাবি। যখনই মানুষ বিপথগামী হয় তখন কিন্তু অস্তিত্বের উৎসের দিকে ফিরে যায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিরোধ, সমালোচনা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের অস্তিত্ব এবং বাংলাদেশের অভ্যুদ্বয়কেই বিতর্কিত করতে চায়। এর আগে কর্মশালায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে প্রাণিসম্পদ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রাণিসম্পদ খাত একটি অন্যতম স্তম্ভ হিসেবে ক্রিয়াশীল।
