অস্ত্রোপচারের জন্য মুমিনুলকে বিদেশে পাঠাতে চায় বিসিবি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৪:১৮ পিএম

গাজী গ্রুপ চট্টগ্রামের দল থেকে ছিটকে যাওয়া মুমিনুল হকের আঙুলে অস্ত্রোপচারের জন্য তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিসা পেলে দ্রুতই পাঠানো হবে।

গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুমিনুল।

শনিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মুমিনুলের অস্ত্রোপচার করাতে হবে। একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

‘দ্রুত ভিসা পাওয়া সাপেক্ষে কোন দেশে পাঠানো হবে সেটা ঠিক করা হবে। যদি ভিসা পেতে দেরি হয় সেক্ষেত্রে দেশেই অস্ত্রোপচার করানো।’

‘ভিসা পাওয়ার ওপর সবকিছু নির্ভর করছে। ভিসা পেলে সে কালকে যেতে পারবে। আর ভিসা পেতে দেরি হলে বাইরে অস্ত্রোপচার করাব না। আমরা কয়েকটা জায়গায় চেষ্টা করছি। যেখানে তাড়াতাড়ি নিশ্চিত করতে পারি। দুবাইতে চেষ্টা করা হচ্ছে। দুবাইতে দেরি (ভিসা পেতে) হলে অন্য দেশ দেখব।’

এদিকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজেও মুমিনুলের খেলার সম্ভাবনা এখন কমে গেল অনেকটাই। তবে এ নিয়ে ডা. দেবাশীষ এখনই কিছু বলতে চান না, ‘এই মুহূর্তে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে ছিটকে গেছে মুমিনুল। তবে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করার এখনই সঠিক সময় নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত