যুক্তরাষ্ট্রে টিকা বাধ্যতামূলক হবে না : বাইডেন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০২:২১ এএম

ভ্যাকসিন পাওয়া গেলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা নিতে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মাস্ক বিষয়ে সিডিসির নতুন নির্দেশনার পর বাইডেন এমনটা বলেন। এ ছাড়া করোনা সংক্রমণ রোধে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে না বলেও তিনি আশা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রথমবার দেশটিতে ‘মাস্ক সার্বজনীন’ করার কথা বলেছে। বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরতে হবে। অফিস, শপিং মলসহ অভ্যন্তরীণ স্থানগুলোতেও মাস্ক পরতে হবে বলে জানিয়েছে সিডিসি।

সিডিসি জানিয়েছে, ভ্যাকসিন আসা পর্যন্ত বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, অভ্যন্তরীণ স্থানসমূহে (অফিস, বাড়ি) মাস্ক পরা ও অপ্রয়োজনীয় জমায়েত না করা। সিডিসির নতুন এই নির্দেশনার পর ভ্যাকসিন বিষয়ে কথা বলেন বাইডেন। ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া এক বক্তব্যে বাইডেন বলেন, আমার শাসনামলে দেশবাসীকে সঠিক কাজে আগ্রহী করতে সবকিছু করব। যখন তারা সঠিক কাজটি করবেন তখন তা ভালো ফল বয়ে আনবে।

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান সম্পর্কে বাইডেন বলেন, আমার ধারণা সেদিন একটি অনুষ্ঠান হবে, তবে আমি জানি না কীভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। তবে তিনি আশা করছেন, করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে কোনো বড় ধরনের জনসমাগম হবে না।

দি পিউ রিসার্চ সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ বর্তমানে ভ্যাকসিনের জন্য প্রস্তুত। এর আগে গত সেপ্টেম্বরে এই হার ছিল ৫১ শতাংশ।

ভ্যাকসিনের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি তুলে আনার বিষয় নিয়েও কথা বলেছেন জো বাইডেন। প্রকাশ্যে ভ্যাকসিন নিতে পারলে তার ভালো লাগত বলেও জানান নতুন প্রেসিডেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত