ভারতের বহুল আলোচিত অযোধ্যার ধন্নিপুরের মসজিদটির নকশা প্রস্তুত করেছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। সেই নকশায় একসঙ্গে ২ হাজার মানুষের নামাজ পড়ার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাবরি মসজিদের সমান জায়গায় এটি তৈরি হবে।
মসজিদ ছাড়াও এই পাঁচ একরের মধ্যে তৈরি হবে হাসপাতাল, ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার ও কমিউনিটি কিচেন।
ফাউন্ডেশনের পক্ষে জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্থাপত্য বিভাগের সভাপতি অধ্যাপক এসএম আখতারকে এই নকশা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল গত ১ সেপ্টেম্বর।
বাবরি মসজিদের আকারের থেকে আলাদা হবে এই নতুন মসজিদের চেহারা। একে একেবারে আধুনিক চেহারা দেওয়ার কথা ভাবা হয়েছ।
নকশা অনুযায়ী, ১৫ হাজার বর্গফুট জমির ওপরে তৈরি হতে চলা এই মসজিদটির আকার হবে ডিম্বাকৃতি। ছাদ হবে গম্বুজাকার ও স্বচ্ছ।
গত বছরের নভেম্বরে অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ে ভারতের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল ২.৭৭ একর জমিটি মন্দির নির্মাণের জন্য কোনো ট্রাস্টকে হস্তান্তর করতে হবে। পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যারই অন্য জায়গায় ৫ একর জমি দেওয়ার কথাও জানানো হয়েছিল। আদালতের নির্দেশ মেনে সেই মসজিদই নির্মিত হবে ধন্নিপুরে।
