সহকর্মীর স্ত্রীকে ‘পেটালেন’ সহকারী হিসাবরক্ষক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০১:৫৯ এএম

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের সহকারী হিসাবরক্ষক নজরুল ইসলাম ওই অফিসের উচ্চমান সহকারী আবদুস সাত্তারের স্ত্রী শারমিন খানকে (৩৫) মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে গণপূর্ত অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় শারমিন খান সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ওই অফিসের একাধিক কর্মচারী জানান, বেশ কিছুদিন ধরে বদলিজনিত কারণে উচ্চমান সহকারী আবদুস সাত্তারের সঙ্গে সহকারী হিসাবরক্ষক নজরুল ইসলামের বিরোধ চলছে। এর জেরে গতকাল সকালে আবদুস সাত্তারের স্ত্রী শারমিন খান নজরুল ইসলামের সঙ্গে কথা বলতে আসেন। উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নজরুল ইসলাম উত্তেজিত হয়ে অফিসের সামনেই শারমিন খানকে বেধড়ক মারধর করেন। অফিসের লোকজন শারমিন খানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে দুপুরে শারমিন খান এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গণপূর্ত অফিসের একাধিক ব্যক্তি জানান, সহকারী হিসাবরক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-বাণিজ্য, ঠিকাদারদের বিল আটকে রেখে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে। এ ছাড়া রাজশাহী গণপূর্ত বিভাগ বরাবর তার বিরুদ্ধে কর্মচারীদের গণস্বাক্ষরকৃত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে সহকারী হিসাবরক্ষক নজরুল ইসলাম বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবির বলেছেন, মারধরের বিষয়টি তিনি শুনেছেন। উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত