ধর্ম অবমাননা: হুংকারের জবাবে ক্ষমা চাইলেন সাইফ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১১:১০ এএম

পৌরাণিক চরিত্র রাবণের ভূমিকায় দেখা যাওয়ার কথা সাইফ আলী খানকে। এ খবর পুরোনো। নতুন প্রশ্ন হলো, তিনি কি এ চরিত্র থেকে বাদ পড়ছেন? যদিও ক্ষমা চেয়ে নিয়েছেন এক মন্তব্যের জেরে।

সম্প্রতি এ তারকার বিরুদ্ধে ধর্ম অবমাননা অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রাজনীতিতেও আলোড়ন তৈরি হয়েছে। কারণ উত্তর ভারতে রাবণ সম্পর্কে প্রচলিত ধারণার বিপরীত মন্তব্য করেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম জানায়, ওম রাউতের `আদিপুরুষ’ ছবিতে লঙ্কেশ্বর রাবণের ভূমিকায় দেখা যাবে সাইফ আলী খানকে। সম্প্রতি সেই প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। সেই মন্তব্যের নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। সাইফকে বয়কটের ডাকও ওঠে।

এক সাক্ষাৎকারে বলিউডের ‘ছোটে নবাব’ বলেন, তার ছবিতে রাবণের সীতাহরণের দিকটি যুক্তির নিরিখে দেখানো হবে। আর এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়।  

সাইফ বলেছিলেন, “রামায়ণের মূল প্লটকে অন্য দিক থেকে দেখা হয়েছে। এখানে রাবণের মানবিক দিকটি তুলে ধরা হবে। সীতাহরণের ঘটনাটির ন্যায্যতাও দেখানো হবে এই ছবির মাধ্যমে। ছবির বক্তব্য, গোটা ঘটনাই শুরু হয়েছে শূর্পণখার নাক কেটে দেওয়ার ফলে।”

সাইফের মন্তব্যে ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম। তিনি লেখেন, “সাইফ আলী খান তার আসন্ন ছবি ‘আদিপুরুষ’ নিয়ে যে কথা বলেছেন তা আমাকে অবাক করেছে। ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন সাইফ। তিনি বলেছেন, রাবণের সীতামাকে অপহরণের বিষয়টি ছবিতে ন্যায়সংগত দেখানো হবে। রাবণের মানবিক দিক দেখানো হবে। তাহলে কি শ্রী রামের বিরুদ্ধে তার যুদ্ধ ন্যায্য হবে।”

পাশাপাশি টুইটে পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন এ ধরনের বিষয় বরদাশত করা হবে না।   

অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন সাইফ। এক বিবৃতিতে লেখেন, “শুনলাম, সাক্ষাৎকারে আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনোই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। রাম সর্বদাই আমার আছে একজন আদর্শ পুরুষ। আর আদিপুরুষে খারাপের বিরুদ্ধে শুভশক্তির জয়কেই তুলে ধরা হবে। গোটা টিম কোনো বিকৃতি ছাড়াই মহাকাব্য উপস্থাপনের জন্য একসঙ্গে কাজ করছে।”

‘আদিপুরুষ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে।

বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেন সাইফ আলী খান। ওই সময় ঐতিহাসিক চরিত্র প্রসঙ্গে সিনেমায় ‘অতিকল্পনা’ নিয়ে মন্তব্য করে আলোচিত হন তিনি। এমনও বলেন, রাজপুত সেরা উদয়বান সিং-এর চরিত্রে অভিনয় ভুল সিদ্ধান্ত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত