স্ত্রীর ক্যারিয়ারকে অগ্রাধিকার দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিলেন ইউরোপের সবচেয়ে বড় অনলাইন ফ্যাশন সাইট জালান্দোর অন্যতম প্রধান নির্বাহী রুবিন রিটার।
বিবিসি জানায়, আরও কয়েকজনের সঙ্গে ২০১০ সাল থেকে জালান্দোর বস হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুবিন।
বার্লিনভিত্তিক স্টার্টআপ কোম্পানি শুরু হয় ১২ বছর আগে। বর্তমানে তাদের ৩ কোটি ৬০ লাখ কাস্টমার। গত তিন মাসে রেকর্ড ১.৮৫ বিলিয়ন ইউরো আয় করে কোম্পানিটি।
জালান্দোর সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আগামী বছরে মে মাসে কোম্পানিটি ছাড়ছেন রুবিন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার স্ত্রী এবং আমি একমত হয়েছি যে, সামনে মাসগুলোতে তার পেশাজীবন অগ্রাধিকার পাওয়া উচিত।’
রুবিন আরও বলেন, ‘আমি আমার বর্ধিত পরিবারের প্রতি আরও বেশি সময় দিয়ে মনোযোগী হতে চাই। ১১ বছরের বেশি সময় ধরে জালান্দো ছিল আমার কাছে অগ্রাধিকারের জায়গায়। আমি অনুভব করছি, আমার জীবনকে নতুন পথে পরিচালিত করার এখনই সময়।’
তার বিবৃতিতে স্ত্রীর পরিচয় এমনকি কর্মস্থল নিয়ে কিছু জানা যায়নি।
জালান্দো জানিয়েছে, তাদের অন্য দুজন প্রধান নির্বাহী রোবার্ট জেন্টজ, ডেভিড স্নেইডার কোম্পানিটি চালিয়ে নেবে।
