বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকিদাতারা চিহ্নিত রাজনৈতিক মোল্লা: ইনু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০২:৪৮ পিএম

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতারা চিহ্নিত রাজনৈতিক মোল্লা। সব সময় তারা বাংলাদেশের বিপক্ষে ভূমিকা রেখেছে। গভীর চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত, জঙ্গি-রাজাকারের ভাড়াটে হিসেবে এখন তারা ভাস্কর্যের বিপক্ষে হুংকার ছেড়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে এই রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর পাঁচ রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাসানুল হক ইনু।

পরে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও স্থানীয় জাসদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসানুল হক ইনু ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পরিদর্শন করেন।

ইনু বলেন, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই অভিযোগে গ্রেপ্তার করে প্রত্যেককে সাজা দেওয়া বাঞ্ছনীয়। এদের কোনো রকম ছাড় দেয়ার জায়গা নেই।

বিএনপির নীরবতা নিয়ে হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে পুরো দেশ যখন ক্ষুব্ধ তখনো অতীতের মত বিএনপি নীরবতা পালন করে কার্যত ভাস্কর্য ভাঙার পক্ষেই অবস্থান নিয়ে উসকানি দিচ্ছে।

এদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের চার আসামির পুলিশ রিমান্ড শুরু হয়েছে আজ।

মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের হেফাজতে নিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, ৪ ডিসেম্বর গত শুক্রবার রাত ২টা ১৬ মিনিটে অভিযুক্ত আসামি মাদ্রাসা ছাত্র সবুজ ইসলাম ওরফে নাহিদ ও আবু বক্কর ওরফে মিঠুন হাতুড়ি দিয়ে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে পৌরসভার নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙচুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত