নেশার ঘোরে প্রতিপক্ষের কাছে কম্বিনেশন ফাঁস করলেন শাস্ত্রী!

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৩:৩৫ এএম

মদের নেশায় সম্ভবত টেস্ট সিরিজে ভারতের বোলিং কম্বিনেশনই প্রতিপক্ষের কাছে ফাঁস করে দিলেন কোচ রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলের মন্তব্যে এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

দুই দলের মধ্যে সীমিত ওভারের ক্রিকেট যুদ্ধ শেষ। এবার টেস্টের লড়াই শুরুর অপেক্ষা। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।

আইপিএলে ইশান্ত শর্মা চোট পেয়ে বসার পরেই ভারতের টেস্ট সিরিজের বোলিং কম্বিনেশন কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। ইশান্তের জায়গায় টেস্টের জন্য উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ এবং নভদীপ সাইনি- এই তিনজন অপশন ছিলেন। এই তিনজনের মধ্যে তৃতীয় পেসারের কোটায় সেরা অপশন হিসাবে ফেভারিট ছিলেন উমেশ।

সম্প্রতি ইয়ান চ্যাপেল দাবি করেছেন, ভারতের টেস্ট দলের বোলিং কম্বিনেশন কী হতে চলেছে, তা তিনি জানেন। তাকে জানিয়েছেন স্বয়ং জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। পুরোটাই অপ্রকৃতিস্থ অবস্থায়।

চ্যাপেল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘একদিন রবির (শাস্ত্রী) সঙ্গে ড্রিঙ্ক করছিলাম। ও তখন বলে বসে তৃতীয় পেসারের জায়গায় সম্ভবত উমেশই খেলতে যাচ্ছে।’

ক্রিকেট কনভার্সেশন অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন সাংবাদিক আশিষ রায়। সেখানেই চ্যাপেল আরো বলেছেন, ‘ভারতের দুজন স্মার্ট ফাস্ট বোলার রয়েছে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি। অ্যাডিলেডে প্রথমে ব্যাট করা দল যদি স্কোর বোর্ডে ৩০০ তুলে দেয়, তাহলে লেখা যেতেই পারে, তারা জিততে চলেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত